বাঁধ নির্মাণে টেকসই হাল প্রযুক্তি ব্যবহারের পরামর্শ আইইবি’র

৩০ মে, ২০২০ ২২:২১  
পানি উন্নয়ন বোর্ড, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ,মৎস বিভাগ, বন অধিদপ্তর, অ্যাপ্লায়েড ইঞ্জিনিয়ারিং এবং দুর্যোগ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগে উপকূলীয় বাঁধ রক্ষায় শতবর্ষী লক্য নির্ধারণে টেকসই ও হাল প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। টেকসই বাঁধ তৈরির ক্ষেত্রে নির্মাণ পদ্ধতি যুগোপযোগী এবং ব্যবহৃত উপকরণ হালনাগাদ এবং নকশা মূল্যায়নে প্রয়োজনে গবেষণার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং আইইবি;র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড: হাম্মাদ মিজানুর রহমান। অপরদিকে জিও ব্যাগ, কংক্রিট বা স্টিল নয়, বাঁধ নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন আইইবি (ইআরসি) ভাইস চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর। ৫-৭ মিটার উচ্চতার নকশা তখনই কোনো ব্যাপার হবে না যদি হাল প্রযুক্তির সঙ্গে প্রকৌশলীরা সম্পৃক্ত হন। এছাড়াও এলজিইডি’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প পরিচালক জসিম উদ্দিন জানান, জলবায়ু গবেষণা সেন্টার স্থাপন করেছে এলজিইডি। এর নাম দেয়া হয়েছে ক্রিলি (ক্লাইমেট রিসার্স লোকাল ইনফ্রাসট্র্যাক্চার সেন্টার।) তিনি বলেন, ভূমি ধস ও সমুদ্র উপকূলের উচ্চতা বেড়ে যাওয়া এবং পোল্ডার বা বাঁধ টেকসই হচ্ছে না। আর উপকূলীয় পোল বা বাধ টেকসই না হলে এলজিইডির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া থেকে ঠেকানো যাবে না। তাই এ বিষয়গুলো মাথায় নিয়েই পানি উন্নয়ন বোর্ডকে এগুতো হবে। শনিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) আয়োজিত সুপার সাইক্লোন আম্পানের ক্ষয়ক্ষতিঃ উপকূলীয় টেকসই বাঁধ নির্মাণের প্রাসঙ্গিকতা শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানের প্রধান অতিথি আইইবি প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর শতবর্ষী পরিকল্পনা নিয়ে বাঁধ নির্মাণের পরামর্শ দিয়ে উপকূলীয় অঞ্চলে জলবিদ্যুত প্রকল্প হাতে নেয়ার আহ্বান জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের এডিজি এবং আইইবি পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মো.হাবিবুর রহমান। আইইবি পুরকৌশল বিভাগের সম্পাদক প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোরশেদ এবং ঢাকা কেন্দ্রের সম্মানি সম্পাদক প্রকৌশলী মো.শাহাদাত হোসেন শিবলু।